সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে দুর্বৃত্তদের হামলায় শোভন দেব (৩২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। রবিবার রাত আনুমানিক ১১টার দিকে পাগলা বাজার সংলগ্ন টিএনটি মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। হামলার কারণ এখনো স্পষ্ট নয়।
স্থানীয় সূত্র ও আহতের পরিবারের বরাতে জানা যায়, রাতের ওই সময়ে একদল লোক শোভন দেবের ওপর আকস্মিক হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে তার হাত, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। প্রাণ বাঁচাতে তিনি পাশের একটি জলাশয়ে ঝাঁপ দেন। পরে কোনোরকমে নিজের দোকানের সামনে এসে পড়ে যান।
পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত শোভন দেব অভিযোগ করেন, পশ্চিম পাগলা ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের মামুন মিয়ার নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে। তার সঙ্গে রুকন মিয়া, রিহানসহ আরও কয়েকজন জড়িত ছিলেন বলে তিনি জানান।
এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলিউল্লাহ জানান, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
