বিয়ানীবাজার পৌরসভা-এ ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার পৌর শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ঈদুল ফিতর উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠান “সৌহার্দ্য বন্ধন” অনুষ্ঠিত হয়েছে। সীমান্তঘেঁষা মনোরম প্রাকৃতিক পরিবেশে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানের আলোচনা পর্বে শাখা সভাপতি হাফিজ জাহেদ আহমদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি শায়খ আতিকুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব জমিয়ত নেতা আল আমিন আল মাহদী এবং পৌর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ সাদিক আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে শায়খ আতিকুর রহমান বলেন,
“মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস অনেক ক্ষেত্রে আড়াল করা হয়েছে। জাতিকে সঠিক ইতিহাস থেকে বঞ্চিত করা হচ্ছে। ভবিষ্যতে যেন এমনটি না ঘটে, সেজন্য সবাইকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস খুঁজে বের করে তা অধ্যয়ন করতে হবে।”
তিনি পৌর ছাত্র জমিয়তের এই নান্দনিক আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজন করার আহ্বান জানান।
দিনব্যাপী এ অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি খেলাধুলা, আড্ডালাপ ও ঘরোয়া খাবার পরিবেশনের ব্যবস্থা ছিল। এতে পৌর ছাত্র জমিয়তের সর্বস্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, অংশগ্রহণকারীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফল, সুন্দর ও স্বার্থক হয়েছে। এ জন্য তারা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
.jpg)