শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জকিগঞ্জ-এ স্বাধীনতা দিবস উদযাপন

 


জকিগঞ্জ-এ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।

পরে স্থানীয় খেলার মাঠে আয়োজিত বর্ণাঢ্য কুচকাওয়াজ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসান

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম আব্দুল আহাদ এবং উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মুমিন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দলমত নির্বিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর স্থানীয় নেতারাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এতে এলাকায় ইতিবাচক, সৌহার্দ্যপূর্ণ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি আবুল হাসান এমপি বলেন,
“আমাদের স্বাধীনতা কোনো দান নয়; এটি লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত পরম সম্পদ। শহীদদের প্রতি যথাযথ শ্রদ্ধা জানিয়ে আমাদের শপথ নিতে হবে—একটি বৈষম্যহীন, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে। দলমত নির্বিশেষে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। পরে পুলিশ, আনসার ও ভিডিপি সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জকিগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়।

Previous Post Next Post