সৎ কর্মকর্তা না থাকলে জাকাত ব্যবস্থাও সংকটে পড়বে: জমিয়ত নেতা মাওলানা আব্দুর রব ইউসুফী



সৎ কর্মকর্তা না থাকলে জাকাত ব্যবস্থাও সংকটে পড়বে: মাওলানা আব্দুর রব ইউসুফী

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী বলেছেন, সমাজে সৎ ও দায়িত্বশীল কর্মকর্তা তৈরি না হলে জাকাত ব্যবস্থাও সংকটে পড়তে পারে। তিনি বলেন, নামাজ প্রতিষ্ঠা বাদ দিয়ে শুধু জাকাত বণ্টনের বিষয়ে ব্যস্ত থাকলে সমাজে সুনাগরিক ও সৎ কর্মকর্তা তৈরি হবে না।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর পুরানা পল্টনস্থ কনভেনশন সেন্টারে যুব জমিয়তে বাংলাদেশ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মুসলিম শাসকদের প্রথম কাজ হবে সমাজে নামাজ প্রতিষ্ঠা করা এবং এরপর জাকাতের সুষম বণ্টন নিশ্চিত করা। নামাজ প্রতিষ্ঠা ছাড়া জাকাতের সঠিক ব্যবস্থাপনা সম্ভব নয়। অন্যথায় অনিয়ম ও দুর্নীতির ঝুঁকি বাড়ে। তিনি উল্লেখ করেন, সম্প্রতি রমজানে সৌদি সরকার প্রদত্ত খেজুর বিতরণ নিয়ে যে অনিয়মের ঘটনা ঘটেছে, তা আমাদের জন্য সতর্কবার্তা। সৎ কর্মকর্তা না থাকলে ভবিষ্যতে জাকাত ব্যবস্থাও আরও বড় সংকটে পড়তে পারে।

মাওলানা আব্দুর রব ইউসুফী আরও বলেন, পবিত্র রমজান মাসে আমেরিকা ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বিশ্বশান্তিকে ব্যাহত করছে। এর ফলে খাদ্য সংকটসহ নানা মানবিক সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বিশ্বশান্তি রক্ষায় চলমান যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

যুব জমিয়তে বাংলাদেশের সভাপতি মাওলানা তাফহীমুল হক হবিগঞ্জীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নাসির আহমদের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজিজ, মাওলানা গোলাম আম্বিয়া কয়েস ও মাওলানা শাহিদ হাতিমীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Previous Post Next Post