জকিগঞ্জে সড়কে মাটি ফেলার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬২ হাজার টাকা জরিমানা

 


সিলেটের জকিগঞ্জ উপজেলা-এ সড়কের ওপর অবৈধভাবে মাটি ফেলে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি সৃষ্টি করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এ সময় ৩টি মামলায় মোট ৬২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

রোববার (১ মার্চ) দুপুর ১২টা থেকে উপজেলার সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া, সদর ইউনিয়নের মানিকপুর এবং কসকনকপুর ইউনিয়নের কসকনকপুর এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস। অভিযানে জকিগঞ্জ থানা পুলিশ-এর সদস্যরা সহযোগিতা করেন।

স্থানীয় সচেতন মহলের দাবি, টলি ট্রাক্টরের মাধ্যমে সড়কের ওপর মাটি ফেলার কারণে যান চলাচলে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বৃষ্টির সময় সড়ক পিচ্ছিল হয়ে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। এছাড়া কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার ফলে ফসলের ক্ষতির সম্ভাবনাও তৈরি হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বলেন, সড়ক ও পরিবেশের ক্ষতি করা এবং কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। ভ্রাম্যমাণ আদালত ও উপজেলা প্রশাসন এ ধরনের কর্মকাণ্ড রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। তিনি জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং সরকারি সড়ক ও কৃষিজমি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে সাধারণ মানুষ উপকৃত হওয়ার পাশাপাশি সরকারি অবকাঠামো ও পরিবেশ সুরক্ষিত থাকবে।

Previous Post Next Post