সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর জাতীয় সংসদে দেওয়া সাম্প্রতিক বক্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির নেতৃবৃন্দ মনে করেন, উক্ত বক্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিপন্থী।
বৃহস্পতিবার (২ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।
বিবৃতিতে নেতৃদ্বয় উল্লেখ করেন, একটি বহুধর্মী ও বহুসাংস্কৃতিক সমাজে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সকল নাগরিকের ধর্মীয় অনুভূতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা। কোনো নির্দিষ্ট সংস্কৃতি বা আচার-অনুষ্ঠান অন্য সম্প্রদায়ের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়।
তারা বলেন, পহেলা বৈশাখ বাংলাদেশে একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উৎসব হিসেবে উদযাপিত হয়ে আসছে। তবে এর সঙ্গে সংশ্লিষ্ট কোনো কার্যক্রম যদি নির্দিষ্ট ধর্মীয় রূপ ধারণ করে বা তা অন্য ধর্মাবলম্বীদের ওপর আরোপের চেষ্টা করা হয়, তাহলে তা স্বাভাবিকভাবেই উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়।
“মঙ্গল শোভাযাত্রা” প্রসঙ্গে নেতারা বলেন, এটিকে যদি ধর্মীয় আচার হিসেবে উপস্থাপন করা হয়, তবে সেটিকে সকলের জন্য বাধ্যতামূলক করার যে কোনো প্রচেষ্টা অনুচিত এবং সংবেদনশীলতার পরিপন্থী।
বিবৃতিতে আরও বলা হয়, দেশের শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল আচরণ করতে হবে। উসকানিমূলক বক্তব্য বা কার্যক্রম থেকে বিরত থেকে পারস্পরিক সহনশীলতা ও শ্রদ্ধাবোধের ভিত্তিতে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।
ভবিষ্যতে এমন কোনো বক্তব্য বা উদ্যোগ গ্রহণ না করার আহ্বান জানিয়ে নেতৃদ্বয় বলেন, যা দেশের সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে পারে। একই সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি সংযম প্রদর্শনেরও আহ্বান জানান তারা।
.png)