গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাকায় বিক্ষোভের ডাক জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের

 

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানী ঢাকায় বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আগামী শনিবার বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানা যায়। এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, “গণভোটের রায় নিয়ে সরকারি দলের কর্মকাণ্ডে আমরা অত্যন্ত বিস্মিত, আহত ও মর্মাহত।”

এদিকে সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে ওয়াকআউট করেছে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল। মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনার পর ‘জুলাই সনদ’ আদেশ জারি না করা এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে মিসকোড করার অভিযোগ তুলে বুধবার বিকেল ৫টা ৪৫ মিনিটে বিরোধী দলের সদস্যরা অধিবেশন থেকে বেরিয়ে যান।

স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, “আমরা প্রতিকার চেয়েছিলাম। বিষয়টি কোনো নির্দিষ্ট দলের নয়। নির্বাচনের আগে সরকারি ও বিরোধী দল—সবাই এ বিষয়ে একমত ছিলাম। কিন্তু আমরা প্রতিকার পেলাম না। এতে শুধু আমরা নয়, দেশবাসীর রায়েরও যথাযথ মূল্যায়ন হয়নি। বিরোধীদলে বসে আমরা এই অবমূল্যায়ন মেনে নিতে পারি না। তাই এর প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি।”

এ সময় স্পিকার বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ করে বলেন, “ওয়াকআউট করা আপনাদের অধিকার। তবে আরেকটি মুলতবি প্রস্তাব বিবেচনার অপেক্ষায় রয়েছে। সেখানে আপনারা হয়তো আপনাদের প্রশ্নের উত্তর পেতে পারেন এবং বিস্তারিতভাবে বক্তব্য দেওয়ার সুযোগও থাকবে। সুতরাং, আপনারা সেটি শুনে পরে সিদ্ধান্ত নিতে পারেন।”

উল্লেখ্য, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে।

Previous Post Next Post