রাজধানীতে কওমি মাদরাসার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রায় চার লক্ষ টাকার কিতাব বিতরণ করেছে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশন। শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষায় সহযোগিতার অংশ হিসেবে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
গত ১৭ এপ্রিল (শুক্রবার) রাজধানীর মোহাম্মদপুরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ কিতাব বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দাওরায়ে হাদিস, মেশকাত, জালালাইন, শরহে বেকায়া সহ বিভিন্ন শ্রেণির প্রয়োজনীয় কিতাব দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রদান করা হয়।
সংগঠনের মুখপাত্র মাওলানা রজীবুল হক বলেন, কওমি মাদরাসার শিক্ষার্থীদের সহায়তায় গত চার বছর ধরে ধারাবাহিকভাবে কিতাব বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ইসলামি গবেষক মাওলানা শরীফ মুহাম্মদ বলেন, মানবসেবামূলক কাজে আলেম সমাজের আরও বেশি সম্পৃক্ত হওয়া প্রয়োজন, যাতে সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হতে পারে।
মুহাদ্দিস মাওলানা হিফজুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মানবসেবা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, যা একজন শিক্ষার্থীর চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
লেখক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন বলেন, দ্বীনি সংগঠনগুলোর মূল শিক্ষা হলো কল্যাণমূলক কাজে সহযোগিতা করা এবং সমাজের ভালো কাজগুলোকে সমর্থন দেওয়া।
কারাবরণকারী আলেম মাওলানা জসীমুদ্দীন রহমানি সমাজের গুরুত্ব তুলে ধরে বলেন, মানুষ একে অপরের সঙ্গে যুক্ত, তাই সামাজিক সেবা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া লালমাটিয়ার খতিব মাওলানা মাসরুরুল হক, মোহাম্মদপুর মিনার মসজিদ মাদরাসার মাওলানা আব্দুস সাত্তার, মুফতি মুজিবুর রহমানসহ বিভিন্ন আলেম-ওলামা।
অনুষ্ঠান শেষে বক্তারা বলেন, শিক্ষার্থীদের হাতে কিতাব পৌঁছে দেওয়া শুধু দান নয়, বরং ভবিষ্যৎ আলোকিত প্রজন্ম গঠনের একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ।
হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন দুর্যোগ, অসহায় মানুষ, রোহিঙ্গা শরণার্থী এবং আন্তর্জাতিক পর্যায়েও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংগঠনটি বিশ্বাস করে, জ্ঞান অর্জন ও মানবসেবার সমন্বয়ই একটি উন্নত ও নৈতিক সমাজ গঠনের ভিত্তি
