কওমি মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও উৎসাহ দিতে ব্যতিক্রমধর্মী এক সংবর্ধনা আয়োজন করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর আস-সুন্নাহ ফাউন্ডেশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় “কওমি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬”। এতে দাওরায়ে হাদিসে সিরিয়াল ও মুমতাজ প্রাপ্ত ৫০০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েখ আহমাদুল্লাহ। তিনি বলেন, কওমি শিক্ষার্থীরা শুধু দ্বীনের খেদমতেই নয়, বরং সমাজের নৈতিক ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের যথাযথ মূল্যায়ন করা হলে তারা ভবিষ্যতে ইসলাম ও মানবতার জন্য বড় অবদান রাখতে সক্ষম হবে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে জ্ঞানার্জনের পাশাপাশি চরিত্র গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কওমি শিক্ষার্থীদের উচিত নিজেদেরকে এমনভাবে গড়ে তোলা, যাতে তারা কুরআন ও সুন্নাহর আলোকে সমাজকে সঠিক দিকনির্দেশনা দিতে পারে।
অনুষ্ঠানে জানানো হয়, আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়ার অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৫০০ জনকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে নির্বাচন করা হয়। তাদের জন্য প্রায় ৪৫ লক্ষ টাকা সমমূল্যের পুরস্কারের ব্যবস্থা করা হয়, যার মধ্যে ছিল ৪টি উমরাহ প্যাকেজসহ বিভিন্ন উপহার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত আলেম, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা নবীন আলেমদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং দ্বীনের খেদমতে আত্মনিয়োগের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে প্রত্যেক শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে কিতাব ক্রয় ভাউচার, স্মারক উপহার ও স্বাস্থ্যসেবা কার্ড তুলে দেওয়া হয়। আয়োজকরা মনে করেন, এ ধরনের উদ্যোগ কওমি শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উচ্চতর গবেষণার ক্ষেত্রে নতুন অনুপ্রেরণা যোগাবে।
