প্রাকৃতিক দুর্যোগ ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের কৃষকদের জন্য আগামী তিন মাস সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। বুধবার (২৯ এপ্রিল) বেলা ১২টার দিকে জাতীয় সংসদে এ তথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে হাওর অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে একটি পৃথক ‘হাওর মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব দেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান। তিনি ৩৫টি জেলা নিয়ে এ মন্ত্রণালয় গঠনের আহ্বান জানান।
সংসদে বক্তব্য দিতে গিয়ে হাওর অঞ্চলের কৃষকদের দুর্দশার চিত্র তুলে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন ফজলুর রহমান। তিনি বলেন, টানা বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে হাওরের একমাত্র বোরো ফসল তলিয়ে যাচ্ছে। ফলে কৃষকরা সারা বছরের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণে চরম অনিশ্চয়তায় পড়ছেন।
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, “হাওর অঞ্চলকে বাঁচাতে জরুরি ভিত্তিতে কার্যকর উদ্যোগ নিতে হবে। ৩৫টি জেলা নিয়ে আলাদা হাওর মন্ত্রণালয় গঠন করা হলে এ অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে।”
জবাবে প্রধানমন্ত্রী বলেন, হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার সবসময় রয়েছে। বর্তমান দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য আগামী তিন মাস সহায়তা প্রদান করা হবে এবং পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরকারের এ ঘোষণায় হাওর অঞ্চলের কৃষকদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
.png)