ভারতে মুসলিম নিধনের প্রতিবাদ এবং মোহাম্মদপুরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে মোহাম্মদপুরস্থ কওমি মাদ্রাসাসমূহের ঐক্যবদ্ধ ফোরাম “ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া”। সোমবার (১১ মে) মোহাম্মদপুর টাউন হল চত্বর থেকে মিছিলটি বের হয়।
মিছিলপূর্ব সমাবেশে জামিয়া রাহমানিয়া আরাবিয়ার মুহতামিম ও বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।
তিনি বলেন, পার্শ্ববর্তী একটি দেশ কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে এবং এদেশের মানুষের ভোটাধিকার হরণে ভূমিকা রেখেছে। জনগণ সেই পরিস্থিতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মাওলানা মামুনুল হক বলেন, “মোহাম্মদপুর আজ সন্ত্রাস ও চাঁদাবাজির অভয়ারণ্যে পরিণত হয়েছে। সন্ধ্যার পর পুরো এলাকা আতঙ্কে থাকে। প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলব। অপরাধীরা যদি গণরোষের শিকার হয়, এর দায় প্রশাসনকেই নিতে হবে।”
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, মোহাম্মদপুর এলাকার উন্নয়ন ও নিরাপত্তায় বিশেষ নজর দেওয়া প্রয়োজন।
ভারতে মুসলিম নিপীড়নের প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গ ও আসাম থেকে বহু মুসলমানের নাগরিকত্ব বাতিল করে বাংলাদেশে ‘পুশইন’ করা হচ্ছে। তিনি সীমান্তে কঠোর নজরদারি এবং কূটনৈতিকভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন মাওলানা জালালুদ্দিন আহমাদ, মাওলানা জুবায়ের ও মুফতি ওমর ফারুক।
মাওলানা জালালুদ্দিন আহমাদ বলেন, মোহাম্মদপুরে ছিনতাই, খুন ও সন্ত্রাসের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে। তিনি অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি সীমান্ত হত্যা, খুন ও ধর্ষণের ঘটনার সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করেন তিনি।
