ভারতের নির্মিত ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। তিনি বলেন, ভারত যুগের পর যুগ অভিন্ন নদীগুলোতে একের পর এক বাঁধ নির্মাণ ও একতরফাভাবে পানি প্রত্যাহারের মাধ্যমে বাংলাদেশের অস্তিত্বের জন্য গভীর সংকট সৃষ্টি করেছে।
শনিবার (১৬ মে ২০২৬) রাজধানীর পুরানা পল্টনস্থ সীগাল কনফারেন্স হলে ইসলামী যুব মজলিস আয়োজিত বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আহমদ আবদুল কাদের বলেন, ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। দেশের নদীভিত্তিক অর্থনীতি, পরিবেশ ও কোটি মানুষের জীবিকা আজ হুমকির মুখে। ভারতের একতরফা পানি প্রত্যাহার বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, এর ফলে বাংলাদেশ ধীরে ধীরে নিষ্ফলা ও ঊষর ভূমিতে পরিণত হওয়ার আলামত ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে।
ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি তাওহীদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব মজলিসের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক মো. আব্দুল জলিল এবং কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা শায়খুল ইসলাম।
কাউন্সিলে দারসে কুরআন, শাখাসমূহের রিপোর্ট উপস্থাপন ও পর্যালোচনা, কেন্দ্রীয় রিপোর্ট উপস্থাপন, কাউন্সিলরদের উন্মুক্ত মতামত প্রকাশসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মো. রায়হান আলী, খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের সভাপতি অধ্যাপক মাওলানা সাইফুদ্দীন আহমদ খন্দকার এবং দাবানল শিল্পী গোষ্ঠীর পরিচালক মাওলানা কাওসার আহম সুহাইল।
এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. মহিউদ্দিন জামিল, সহ-সাধারণ সম্পাদক মুফতি শেখ শাব্বীর আহমাদ, মো. জামিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, অফিস ও অর্থ সম্পাদক মাওলানা আহমদ হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহাম্মদ সালমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দেওয়ান তানজিল আহমদ, সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেদি হাসান সাকি, সহ-সাংগঠনিক সম্পাদক আহমদ শাহিন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ইমরান আসাদ, প্রিন্সিপাল হাফিজ মাওলানা জাকারিয়া আল হাসান, আবু বকর সিদ্দিক আহাদ ও মো. এহসানুল হাদীসহ কেন্দ্রীয় ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
