বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের গভীর শোক
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর ৬টায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে দেশ ও জাতি একজন দূরদর্শী, সাহসী এবং দেশপ্রেমিক নেত্রীকে হারালো।
এই মর্মান্তিক ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় সংগঠনের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক এবং মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন তীক্ষ্ণ রাজনৈতিক বিশ্লেষক, সাহসী কণ্ঠস্বর এবং দেশপ্রেমিক নেতা।
শোকবার্তায় তারা আরও বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ইসলামী মূল্যবোধ সংরক্ষণে তাঁর অবদান অমূল্য। তিনি আজীবন দেশের স্বার্থে আপসহীন নেতৃত্ব দিয়ে গেছেন। তাঁর নেতৃত্ব ও সংগ্রাম দেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।”
নেতৃদ্বয় যোগ করেন, “তার ইন্তেকালে জাতি একজন অভিজ্ঞ, সংগ্রামী এবং প্রভাবশালী নেত্রীকে হারালো, যা অপূরণীয় ক্ষতি। আমরা মরহুমার রূহের মাগফিরাত কামনা করি এবং তাঁর শোকাহত পরিবার, রাজনৈতিক সহকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন—আমিন।”
বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, সংগ্রাম এবং দেশপ্রেম ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার উৎস হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।
.png)