খালেদা জিয়ার জানাজা আগামীকাল: মির্জা ফখরুল শোককে শক্তিতে রূপান্তরের আহ্বান

 খালেদা জিয়ার জানাজা আগামীকাল: মির্জা ফখরুল শোককে শক্তিতে রূপান্তরের আহ্বান


বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের সময়সূচি চূড়ান্ত হয়েছে। মঙ্গলবার আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সংবাদ সম্মেলনে জানান, আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররমের খতিব জানাজা পড়াবেন।


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা শোককে শক্তিতে রূপান্তর করতে চাই।” জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দুপুর সাড়ে ৩টায় দাফন করা হবে।

এর আগে উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বিশেষ আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সরকারের সিদ্ধান্তগুলো সাংবাদিকদের সামনে তুলে ধরেন আইন উপদেষ্টা। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দেশব্যাপী রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দিয়ে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং দেশবাসীকে ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানান।

প্রসঙ্গত, দীর্ঘদিন গুরুতর অসুস্থ থাকার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণজনিত শ্বাসকষ্ট নিয়ে তাকে ভর্তি করা হয়। পরবর্তীতে নিউমোনিয়াসহ কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ একাধিক জটিলতা দেখা দেয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সব চিকিৎসা প্রচেষ্টা ব্যর্থ হয়ে মঙ্গলবার ভোর ৬টায় তিনি ইন্তেকাল করেন।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Previous Post Next Post