হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নামলেন সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া।
সোমবার,সকাল থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তিনি তার মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মনোনয়ন দাখিল শেষে শেখ সুজাত মিয়া সাংবাদিকদের বলেন, “নবীগঞ্জ ও বাহুবলের মানুষের অধিকার, উন্নয়ন ও ন্যায়ের প্রশ্নে আমি আবারও নির্বাচনে এসেছি। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে এলাকার অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সম্পন্ন করাই আমার প্রধান লক্ষ্য।”
এ সময় তার সঙ্গে দলীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শেখ সুজাত মিয়া এর আগেও হবিগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং তার রাজনৈতিক সক্রিয়তা ও জনসম্পৃক্ততা এলাকায় বেশ পরিচিত। তার মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে হবিগঞ্জ-১ আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন গতি সঞ্চার হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।
