সিলেট-৫ আসনে মনোনয়ন সংগ্রহে প্রার্থীদের সরব উপস্থিতি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেট-৫ (জকিগঞ্জ–কানাইঘাট) সংসদীয় আসনে রাজনৈতিক মাঠে বইতে শুরু করেছে নির্বাচনি হাওয়া। সময়ের সাথে সাথে প্রার্থীদের আনাগোনায় মুখর হয়ে উঠছে নির্বাচনি পরিবেশ। এ পর্যন্ত এই আসন থেকে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে নির্বাচনি প্রতিযোগিতায় নিজেদের অবস্থান জানান দিয়েছেন।
মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীদের মধ্যে রয়েছেন— জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আনওয়ার হোসাইন খান, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশীদ চাকসু মামুন, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার উপদেষ্টা মুফতি আবুল হাসান, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন এবং সংযুক্ত আরব আমিরাত বিএনপির সভাপতি এম জাকির হোসেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এরপর ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে মনোনয়নপত্র যাচাই-বাছাই। যাচাই শেষে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল দায়েরের সুযোগ থাকছে, যা নিষ্পত্তি হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে।
এদিকে ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি প্রতীক বরাদ্দ দেবেন। এরপর ২২ জানুয়ারি থেকে শুরু হবে নির্বাচনি প্রচারণা, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। সবশেষে গণতন্ত্রের উৎসব হিসেবে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বহুল প্রত্যাশিত ভোটগ্রহণ।
সিলেট-৫ আসনে কে হবেন জনতার প্রতিনিধি— সেই প্রশ্নের উত্তর মিলবে ব্যালটের রায়ে। নির্বাচনি দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে আগ্রহ, প্রত্যাশা আর রাজনীতির উত্তাপ।
