দলীয় সিদ্ধান্ত মেনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এডভোকেট মুহাম্মদ আলী

 দলীয় সিদ্ধান্ত মেনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এডভোকেট মুহাম্মদ আলী




সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) আসন থেকে দলীয় সিদ্ধান্তের প্রতি পূর্ণ সম্মান জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আইন বিষয়ক সম্পাদক ও সিলেট-৪ আসনের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব এডভোকেট মুহাম্মদ আলী।
এক আবেগঘন বার্তায় তিনি সিলেট-৪ আসনের সর্বস্তরের নাগরিকদের উদ্দেশে বলেন, তিনি এই মাটিরই সন্তান। জন্মভূমির মানুষের কল্যাণের দায়বদ্ধতা থেকেই রাজনীতিতে এসেছেন তিনি। ব্যক্তিগত কোনো স্বার্থ নয়, বরং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় অঙ্গীকারই তাঁর রাজনীতির মূল প্রেরণা বলে উল্লেখ করেন।
এডভোকেট মুহাম্মদ আলী বলেন, “আমি দলীয় সিদ্ধান্ত বিনা দ্বিধায় মেনে নিয়েছি। সংগঠনের শৃঙ্খলা ও ঐক্যই দীর্ঘদিনের রাজনীতির মূল ভিত্তি।”
তিনি আরও স্পষ্ট করে জানান, নির্বাচন থেকে সরে দাঁড়ালেও জনগণের কাছ থেকে তিনি সরে যাননি। তাঁর ভাষায়, “আমি প্রার্থী নই, কিন্তু আমি আপনাদের মানুষ। আমি ব্যালটে নেই, কিন্তু আপনাদের পাশে আছি।” এডভোকেট মুহাম্মদ আলী সিলেট-৪ আসনের নাগরিকদের কাছে দোয়া কামনা করেন এবং মহান আল্লাহর ওপর ভরসা রেখে ভবিষ্যৎ রাজনৈতিক ও সামাজিক পথচলার কথা ব্যক্ত করেন।

Previous Post Next Post