ধর্মপাশায় স্বেচ্ছাসেবকলীগ নেতাকে আটক করে ৩ ঘন্টা পর ছেড়ে দিল পুলিশ, জনমনে প্রশ্ন

 ধর্মপাশায় স্বেচ্ছাসেবকলীগ নেতাকে আটক করে ৩ ঘন্টা পর ছেড়ে দিল পুলিশ, জনমনে প্রশ্ন


সুনামগঞ্জের ধর্মপাশায় ডেভিলহান্ট ফেজ-২ অভিযানের সময় স্বেচ্ছাসেবকলীগ নেতা রিফাত হাসান জনি (৩০) কে আটক করা হয়। তবে আটকের মাত্র তিন ঘন্টা পরই তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে বাদশাগঞ্জ বাজারের ব্রীজ সংলগ্ন এলাকা থেকে আটক করে থানায় নেওয়া হয়। পরে বিকেল ৩টার দিকে রহস্যজনকভাবে তাকে ছেড়ে দেওয়া হয়।

রিফাত হাসান জনি সেলবরষ ইউনিয়নের উত্তর বীর গ্রামের মো. আমীর হোসেনের ছেলে। তিনি সেলবরষ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক এবং আওয়ামী লীগের সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতনের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত।

উপজেলা ইউনিয়ন যুবদলের সভাপতি আহমেদ আলী বলেন, “রিফাত হাসান জনি বিগত সময়ে বিএনপি নেতা-কর্মীদের হয়রানিতে জড়িত ছিলেন। পুলিশ তাকে আটক করে ৩ ঘন্টা পর ছেড়ে দেওয়ায় জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।”

ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, “আটকের পর তার ফেসবুক ভেরিফাই করা হয়। জানা গেছে, সে স্বেচ্ছাসেবকলীগ থেকে পদত্যাগ করেছে এবং গত ৫ আগস্টের পর ইতিবাচক ভূমিকা রেখেছে। তাই তাকে ছেড়ে দেওয়া হয়।”

এ ঘটনায় এলাকার মধ্যে নানা প্রশ্ন ও সমালোচনার ঝড় সৃষ্টি হয়েছে।

Previous Post Next Post