লাখো মানুষের ঢল: স্মরণকালের বৃহৎ জানাজা অনুষ্ঠিত হলো বেগম জিয়ার
বাংলাদেশের বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা স্মরণকালের বৃহৎ অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩টা ৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররাম এর সম্মানিত খতিব মুফতি আব্দুল মালিক সাহেব এর ইমামতিতে এ জানাজায় অংশ নেন লাখ লাখ মানুষ।
জানাজায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জমিয়তের কেন্দ্রীয় সভাপতি উবায়দুল্লাহ ফারুকসহ বিএনপি+জমিয়ত জোটের ও অন্যান্য দলের শীর্ষ নেতারা। এছাড়া বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিরাও অংশ নেন।
জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে খালেদা জিয়ার বড় ছেলে ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, “আমার মা খালেদা জিয়া যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকেন, তাহলে ক্ষমা করে দেবেন। আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার মায়ের কোনো ঋণ থাকলে আমি পরিশোধ করে দেব। আমার সঙ্গে যোগাযোগ করবেন।”
বৃহৎ জনসমাগমের কারণে শুধু মানিক মিয়া অ্যাভিনিউ নয়, আশপাশের কয়েক কিলোমিটারজুড়ে মানুষ অবস্থান নেন জানাজায় অংশ নিতে। তিল ধারণের জায়গাও ছিল না।
এর আগে, খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ভারত। বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর শোকবার্তা হস্তান্তর করেন তারেক রহমানের কাছে।
শ্রদ্ধা জানাতে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সারদার আয়াজ সাদিক ঢাকায় পৌঁছেছেন। পাকিস্তান হাই কমিশন বাংলাদেশ এ খবর তাদের ফেসবুক পেজে নিশ্চিত করেছে।
জানাজা ও শ্রদ্ধার এ আয়োজনে অংশ নেওয়া লাখ লাখ মানুষ বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও জাতীয় অবদানের প্রতি সম্মান প্রদর্শন করেছেন।
.png)