২৩ জানুয়ারি-২০২৬, শুক্রবার, বাদ আসর, স্থানীয় মোগলাবাজার জমিয়ত কার্যালয়ে ছাত্র জমিয়ত রেঙ্গা আঞ্চলিক শাখার সভাপতি- সাজ্জাদ হোসাইন সালেহী এর সভাপতিত্বে, এবং সাধারণ সম্পাদক নুরুল হক ও সহ- সাধারণ সম্পাদক ইয়াহয়া আহমদ এর যৌথ পরিচালনায় এক তাৎপর্যপূর্ণ পরিবেশে নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নবীন আলেমদের সম্মাননা প্রদানসহ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা পেশ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, দক্ষিণ সুরমা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির, সহ-সভাপতি মাওলানা শরীফ আহমদ শাহান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশ, সিলেট জেলা দক্ষিণ শাখার সহ-সভাপতি মাহমুদুল হাসান নোমান এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন ছাত্র জমিয়ত বাংলাদেশ, সিলেট জেলা দক্ষিণ শাখার সাহিত্য সম্পাদক তোফায়েল আহমেদ।
নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা জমিয়তের সোনালি ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আলোচনা পেশ করেন। নবীন আলেমদের উদ্দেশ্যে বলেন, জমিয়ত শুধু একটি সংগঠন নয়, বরং এটি দেওবন্দের আকাবির উলামায়ে কেরামের আদর্শে গড়ে ওঠা একটি ঐতিহ্যবাহী আন্দোলন। দেওবন্দের আকাবিরদের সঙ্গে জমিয়তের ঐতিহাসিক সম্পর্ক ও অবদানের বিষয়টিও তুলে ধরেন তারা এবং সেই ধারাবাহিকতা বজায় রেখে সবাইকে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
বক্তারা আরে বলেন জমিয়ত একটি ঐতিহাসিক ও আদর্শিক সংগঠন, যা শুরু থেকেই দ্বীনি আকীদা ও নীতিগত সিদ্ধান্তে অবিচল রয়েছে। তাঁরা সাহাবায়ে কেরামের আজমত ও মর্যাদা রক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, সাহাবা ও আইম্মায়ে মুজতাহিদীনের বিরুদ্ধে কুৎসা রটনাকারীদের থেকে নবীন আলেমদের সতর্ক থাকতে হবে। পাশাপাশি তারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ, আমল ও আখলাকের মাধ্যমে জীবন পরিচালনার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন।
