সিলেট-৫ (কানাইঘাট–জকিগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আনওয়ার হোসেন খান জোটের আসনভিত্তিক সমঝোতাভিত্তিক প্রার্থী নিয়ে মন্তব্য করতে গিয়ে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি আবুল হাসানকে রাজনৈতিক অঙ্গনে অচেনা বলে অভিহিত করেছেন।
ডিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “উনি তো মাস/দেড় মাস থেকে নড়াচড়া করছেন। এর আগে উনার নাম-ধামও শুনি নাই আমরা। উনার দলেরও নাম শুনি নাই।” তিনি আরও দাবি করেন, মাঠের রাজনীতিতে জোটের এ প্রার্থীর তৎপরতা চোখে পড়ছে না।
আনওয়ার হোসেন খান বলেন, “আমরা আলহামদুলিল্লাহ কানাইঘাট-জকিগঞ্জের প্রায় দুইশোটা ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছি, গ্রামে গ্রামে যাচ্ছি। উনার তো কোনো নড়াচড়া নাই। দুয়েকটা মিটিং, দুয়েকটা সাক্ষাৎকার ছাড়া কোনো তৎপরতা দেখতে পাচ্ছি না।”
মুফতি আবুল হাসান সম্পর্কে তিনি আরও বলেন, “বেসিক্যালি উনি একজন ওয়াইজ; পলিটিক্যালি তাঁর নাম-ধাম কখনো শুনিও নাই। ওয়াইজ হিসেবে, আলেম হিসেবে আমরাও জানি, লোকজনও জানে।”
এসময় তিনি আসন্ন জাতীয় নির্বাচনে নিজ দলের সংগঠনগত প্রস্তুতি ও মাঠপর্যায়ের কর্মসূচির কথাও তুলে ধরেন।
