অসহায় ও আর্থিকভাবে অসচ্ছল মানুষের আইনি অধিকার নিশ্চিত করতে সুনামগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে দোয়ারাবাজার উপজেলায় এক বিশেষ উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা আইন ও বিচার বিভাগের ব্যবস্থাপনায় শুক্রবার (৩১ জানুয়ারি) দোয়ারাবাজার উপজেলার পূর্ব বাংলা বাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
বৈঠকে বক্তারা বলেন, টাকার অভাবে কেউ যেন বিচার থেকে বঞ্চিত না হয়—এই লক্ষ্যেই সরকার পরিচালিত লিগ্যাল এইড কার্যক্রম কাজ করে যাচ্ছে। সরকারি নির্ধারিত আয়ের সীমার নিচে বসবাসকারী বিচারপ্রার্থীরা জেলা লিগ্যাল এইড অফিস থেকে সম্পূর্ণ বিনামূল্যে আইনি সহায়তা নিতে পারবেন।
বক্তারা আরও জানান, লিগ্যাল এইডের আওতায় যেকোনো আইনি বিষয়ে বিনামূল্যে পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি অসচ্ছল ব্যক্তিদের মামলার যাবতীয় খরচ—উকিল ফিসহ অন্যান্য ব্যয় সরকার বহন করে। সহজ প্রক্রিয়ার মাধ্যমে লিগ্যাল এইড অফিসার সরাসরি মামলা গ্রহণ করে ন্যায়বিচার নিশ্চিতে কাজ করে থাকেন।
সুনামগঞ্জ জেলা জজ ও লিগ্যাল এইড অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় আয়োজিত এ উঠোন বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কয়েক শতাধিক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, “আইন সবার জন্য সমান। এখন আর দারিদ্র্যের কারণে কাউকে অন্যায়ের কাছে মাথা নত করতে হবে না।”
উল্লেখ্য, সুনামগঞ্জ জেলা জজ আদালত ও লিগ্যাল এইড অফিস নিয়মিতভাবে জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় এ ধরনের সচেতনতামূলক সভা আয়োজন করে আসছে, যাতে প্রান্তিক জনগোষ্ঠী তাদের আইনগত অধিকার সম্পর্কে সচেতন হতে পারে।
এদিকে আয়োজকরা জানান, কোনো ব্যক্তি যদি সরকারি নির্ধারিত আয়ের সীমার নিচে থাকেন এবং আইনি সমস্যায় পড়েন, তাহলে তিনি সুনামগঞ্জ জেলা জজ কোর্টে অবস্থিত লিগ্যাল এইড অফিসে যোগাযোগ করতে পারেন। তার পক্ষে মামলা পরিচালনা করবে সরকার।
