ফুলতলী মসলকের শতভাগ ভোট আমি পাবো: মাওলানা উবায়দুল্লাহ ফারুক

 ফুলতলী মসলকের শতভাগ ভোট আমি পাবো: মাওলানা উবায়দুল্লাহ ফারুক।



সিলেট-৫ (জকিগঞ্জ–কানাইঘাট) আসনে বিএনপি +জমিয়ত জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফুলতলী মসলকের অনুসারীদের শতভাগ ভোট তিনি পাবেন।

গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে জকিগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পঙ্গবট গ্রামে বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর শামীম আহমদের বাড়িতে সংঘটিত এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন,
“ফুলতলী মসলকের অনুসারীদের শতভাগ ভোট আমি পাবো—এ বিষয়ে আমি সম্পূর্ণ আশাবাদী। আগের নির্বাচনগুলোতেও তারা আমাকে বিপুল সমর্থন দিয়েছেন। আমার বিশ্বাস, এবারও তাদের পূর্ণ ভালোবাসা ও সমর্থন আমার সঙ্গেই থাকবে।”

জমিয়ত সমর্থিত প্রার্থী হিসেবে বিএনপি জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা মাওলানা ফারুক নির্বাচনী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ান। তিনি ডাকাতির ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

এ সময় স্থানীয় বিএনপি ও জোটভুক্ত অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে মাওলানা উবায়দুল্লাহ ফারুকের এই আত্মবিশ্বাসী বক্তব্য সিলেট-৫ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে এবং নির্বাচনী মাঠে উত্তাপ বাড়াচ্ছে।

Previous Post Next Post