বিএনপি-জমিয়ত জোটের প্রার্থী এম এ মালিকের পক্ষে সিলেট-৩ আসনে ঐক্যবদ্ধ জমিয়ত-বিএনপি

 সিলেট-৩ আসন (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জমিয়ত জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক)-এর পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার অঙ্গীকার করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

শনিবার (১৭ জানুয়ারি) দক্ষিণ সুরমা উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভা ও দোয়া মাহফিলে এ অঙ্গীকার ব্যক্ত করা হয়। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (সিলেট-৩) এই অনুষ্ঠানের আয়োজন করে।

মতবিনিময় সভায় সিলেট-৩ আসনে জমিয়তের প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম আসন্ন নির্বাচনে এম এ মালিকের পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি জমিয়তের সকল স্তরের নেতাকর্মীদের ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এম এ মালিকের পক্ষে মাঠে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম এ মালিক আলেম সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আলেম-ওলামাদের সঙ্গে তার সম্পর্ক রাজনৈতিক নয়, বরং আত্মিক। তিনি বলেন, দেশের সাধারণ মানুষ আলেম সমাজকে শ্রদ্ধা ও বিশ্বাস করে এবং সেই আস্থাকে পুঁজি করেই দেশ ও ইসলামবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনায় কোরআন ও সুন্নাহভিত্তিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির মাধ্যমে কৃষক, শ্রমিকসহ সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করা হবে। এম এ মালিক জানান, তিনি প্রবাস জীবন ত্যাগ করে বেগম খালেদা জিয়ার নির্দেশে দেশ ও মানুষের সেবায় স্থায়ীভাবে বাংলাদেশে রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছেন।

সভায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিলেট-৩ আসনের শীর্ষ নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


Previous Post Next Post