দোয়ারাবাজারে পুলিশের ওপর হামলা, সরকারি দুই মোটরসাইকেল ছিনতাই ১১ জন নামধারীসহ অজ্ঞাত ১০–১৫ জনের বিরুদ্ধে মামলা

 

সুনামগঞ্জের দোয়ারাবাজারে দায়িত্ব পালনরত পুলিশের ওপর অতর্কিত হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১১ জন নামধারীসহ অজ্ঞাত আরও ১০–১৫ জনের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশের ব্যবহৃত দুটি সরকারি মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।

ঘটনাটি ঘটে গত ১৬ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে ১০টায় দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় এলাকায়। মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই সময় একদল দুষ্কৃতকারী দায়িত্ব পালনরত পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা পুলিশ সদস্যদের সরকারি কর্তব্য পালনে বাধা প্রদান করে এবং হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালিয়ে কয়েকজন পুলিশ সদস্যকে আহত করে। একপর্যায়ে তারা পুলিশের ব্যবহৃত দুটি সরকারি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা।

এ ঘটনায় দোয়ারাবাজার থানার এসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় নাম উল্লেখ করে অভিযুক্তরা হলেন— মো. দেলোয়ার হোসেন (৩০), হারুন মিয়া (৩৫), তোফাজ্জল (২৫), মোবারক হোসেন (২৬), রিপন মিয়া (৫০), মো. ফজলু মিয়া (৩৫), মো. সুলেমান (২৬), মান্নান মিয়া (২৫), নুরুল হক (৩২), শাহিন মিয়া (২২) ও সজিব মিয়া (২০)। তারা সবাই মৌলারপাড় এলাকার বাসিন্দা।

এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ১০–১৫ জনকে আসামি করা হয়েছে। দণ্ডবিধির ১৪৩/১৮৬/৩৫৩/৩৩২/৩০৭/৩৭৯/৪১১/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে দাঙ্গা সৃষ্টি, সরকারি কর্মচারীর ওপর হামলা, হত্যাচেষ্টা ও চুরির মতো গুরুতর অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

পরদিন ১৭ জানুয়ারি মামলাটি রেকর্ড করা হয় (মামলা নং-১৪)। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন সাব-ইন্সপেক্টর মো. আব্দুস ছালাম।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Previous Post Next Post