সিলেট-৫ (জকিগঞ্জ–কানাইঘাট) আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মোহাম্মদ আবুল হাসান স্থানীয় সংবাদকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে জকিগঞ্জে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে খেলাফত মজলিসের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দিতে গিয়ে মুফতি আবুল হাসান বলেন, গত ৩৫ বছর ধরে জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব হিসেবে তিনি এই জনপদের মানুষের সুখ–দুঃখের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এলাকার বঞ্চনা ও দুর্দশা তাকে ব্যথিত করে উল্লেখ করে তিনি বলেন, “এই অবহেলিত জনপদের মানুষের অধিকার আদায়ে একটি সোচ্চার কণ্ঠস্বরের প্রয়োজনীয়তা অনুভব করেই আমি নির্বাচনে প্রার্থী হয়েছি।”
তিনি আরও জানান, জেলা রিটার্নিং অফিসার কর্তৃক ৩ জানুয়ারি তার মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে। বর্তমান নির্বাচনী পরিবেশ বিশ্লেষণ করে তিনি বলেন, জকিগঞ্জ ও কানাইঘাটের সাধারণ মানুষের মাঝে যে স্বতঃস্ফূর্ত সমর্থনের জোয়ার সৃষ্টি হয়েছে, তাতে তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
এ সময় তিনি এলাকার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও পেশাগত সহযোগিতা কামনা করেন এবং নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণে জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার অঙ্গীকার ব্যক্ত করেন।
