২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২১ এপ্রিল থেকে সারাদেশে একযোগে শুরু হবে এসএসসি পরীক্ষা। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা গ্রহণ করা হবে।
রুটিন অনুযায়ী, প্রথম দিন ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। এরপর ২৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্র, ২৬ এপ্রিল ইংরেজি প্রথম পত্র এবং ২৮ এপ্রিল ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে। পরবর্তী দিনগুলোতে গণিত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং মানবিক শাখার বিভিন্ন বিষয়ের পরীক্ষা পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, ব্যবহারিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। তবে অনিবার্য প্রয়োজনে প্রকাশিত এই পরীক্ষার রুটিনে পরিবর্তন আনার অধিকার বোর্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
এদিকে, বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে এবং প্রবেশপত্র সঙ্গে রাখতে হবে। পরীক্ষার হলে শৃঙ্খলা বজায় রাখা ও বোর্ড ঘোষিত সকল নিয়ম-কানুন কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
