ইসলামের প্রশ্নে আপস নয়: ১১ দলীয় সমঝোতা ছাড়ছে ইসলামী আন্দোলন, ২৬৮ আসনে একক নির্বাচন

 


ইসলামের মৌলিক নীতির প্রশ্নে আপসহীন অবস্থান এবং রাজনৈতিক আস্থাহীনতার কারণে ১১ দলীয় নির্বাচনী সমঝোতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ফলে যেসব ২৬৮ আসনে দলটির প্রার্থী চূড়ান্ত রয়েছে, সেসব আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে অংশ নেবে। এছাড়া অবশিষ্ট ৩২টি আসনে আদর্শিক বিবেচনায় উপযুক্ত প্রার্থীদের সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

তিনি বলেন, ইসলামের মৌলিক নীতির প্রশ্নে জামায়াতে ইসলামের অবস্থান অস্পষ্ট। শরীয়াহ আইনে রাষ্ট্র পরিচালনার বিষয়ে প্রশ্নের জবাবে জামায়াতের আমীর বলেছেন, তারা ক্ষমতায় গেলে প্রচলিত আইনেই দেশ পরিচালনা করবেন। অথচ দেশের চলমান সংকট ও দুর্দশার মূল কারণই হচ্ছে এই বিদ্যমান আইন ব্যবস্থা। সেই আইন পরিবর্তনের লক্ষ্যেই আমাদের রাজনীতি। সমঝোতার প্রধান দলই যখন বিদ্যমান আইন বহাল রাখার ঘোষণা দেয়, তখন আমাদের মধ্যে স্বাভাবিকভাবেই শঙ্কা তৈরি হয়।

মাওলানা গাজী আতাউর রহমান আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতিনিষ্ঠ রাজনীতি করে। আমাদের রাজনীতির মৌলিক প্রশ্নে যখন ভিন্নমত সৃষ্টি হয়, তখন সেই অবস্থায় নির্বাচনী সমঝোতায় থাকা সম্ভব নয়।

তিনি অভিযোগ করে বলেন, জামায়াতের আমীর বিএনপির চেয়ারপার্সনের সঙ্গে বৈঠক করে বিএনপির সঙ্গে জাতীয় সরকার গঠনের কথা বলেছেন এবং খালেদা জিয়ার তৈরি করা তথাকথিত ঐক্যের পাটাতনের ওপর কাজ করার ঘোষণা দিয়েছেন। এসব বক্তব্য আমাদের মধ্যে রাজনৈতিক সংশয় সৃষ্টি করেছে এবং পাতানো নির্বাচনের আশঙ্কাও জাগিয়েছে।

প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের পক্ষে একটি নীতিগত সমঝোতায় অংশ নিয়েছিল। কিন্তু জামায়াতের নেতৃত্বে গড়ে ওঠা বর্তমান সমঝোতা আর ইসলামের পক্ষে থাকছে না; একই সঙ্গে এর রাজনৈতিক লক্ষ্য ও দিকনির্দেশনাও স্পষ্ট নয়। এসব বাস্তবতার প্রেক্ষিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১ দলীয় সমঝোতায় না থাকার সিদ্ধান্ত নিয়েছে।

Previous Post Next Post