অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নয়ন অপরিহার্য
— বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান ও কার্যকর উন্নয়ন নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ভোটাধিকার প্রয়োগের সময় কোনো ভোটার যেন ভয়ভীতি, চাপ বা প্রভাবের মুখে না পড়ে—সে জন্য নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।
আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা মামুনুল হক বলেন, একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস জামায়াতে ইসলামীসহ সমমনা ৮টি ইসলামী রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। জাতীয় স্বার্থ ও বৃহত্তর রাজনৈতিক ঐক্যের কথা বিবেচনায় রেখে এ আলোচনা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, সমঝোতার ধরন যাই হোক না কেন, সংগঠনের নিজস্ব রাজনৈতিক অবস্থান ও সাংগঠনিক শক্তির ভিত্তিতে একটি ন্যূনতম যৌক্তিক লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত কিছু আসনে বাংলাদেশ খেলাফত মজলিস অবশ্যই ‘রিকশা’ প্রতীক নিয়ে নিজস্ব প্রার্থী দিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করবে।
দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও আত্মত্যাগের কথা উল্লেখ করে খেলাফত মজলিসের আমীর বলেন, জনগণ একটি ন্যায়ভিত্তিক ও দায়বদ্ধ রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা করছে। সেই প্রত্যাশা পূরণে নির্বাচন ব্যবস্থার ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। নির্বাচনকালীন সময়ে প্রশাসনের সামান্য পক্ষপাতিত্বও জনগণের সেই আস্থাকে ক্ষুণ্ন করতে পারে, যা কোনোভাবেই কাম্য নয়।
তিনি আরও বলেন, রাজনৈতিক সহিংসতা ও হয়রানির সংস্কৃতি বন্ধ করে একটি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। নির্বাচন কমিশনকে প্রমাণ করতে হবে যে তারা জনগণের ভোটাধিকার রক্ষায় নিরপেক্ষ ও দৃঢ় অবস্থানে রয়েছে।
বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত এ মতবিনিময় সভা পরিচালনা করেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। সভায় নির্বাচনকেন্দ্রিক সার্বিক পরিবেশ, প্রশাসনের ভূমিকা, প্রার্থীদের মাঠপর্যায়ের চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উপস্থিত সংসদ সদস্য পদপ্রার্থীরাও তাঁদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।
সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সংগঠনের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, অভিভাবক পরিষদের সদস্য মাওলানা আকরাম আলী, নায়েবে আমীর মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা আফজালুর রহমান, মুফতি সাঈদ নূর, মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল আজীজ, মাওলানা শরাফত হোসাইন ও মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
.png)