নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সিলেট-৫ আসনের ৪ প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (কানাইঘাট–জকিগঞ্জ) আসনের চার প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের আগে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে নির্বাচন কমিশন গঠিত নির্বাচনী অনুসন্ধান কমিটি এই নোটিশ জারি করেছে বলে জানা গেছে।

শোকজ পাওয়া  ৪ প্রার্থী হলেন—

* বিএনপি–জমিয়ত জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক

*১১ দলিয় জোট ও জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আনোয়ার হোসাইন খান

* ১১ দলিয় জোট খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আবুল হাসান

* স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা মামুনুর রশীদ চাকসু মামুন

এর মধ্যে বিএনপি–জমিয়ত জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা মামুনুর রশীদ চাকসু মামুনকে ১৪ জানুয়ারি এবং ১১ দলিয় জোট ও জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আনোয়ার হোসাইন খান ও ১১ দলিয় জোট খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আবুল হাসানকে ১৫ জানুয়ারি স্বশরীরে উপস্থিত হয়ে অথবা আইনজীবীর মাধ্যমে সিলেট মুখ্য জেলা ও দায়রা জজ আদালতে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।

নির্বাচনী অনুসন্ধান ও বিচার কমিটির সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের নির্ধারিত দিনের কমপক্ষে ৩০ দিন আগে কোনো ধরনের প্রচার–প্রচারণা চালানো আইনত নিষিদ্ধ। তবে সংশ্লিষ্ট প্রার্থীরা ও তাদের সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়া এবং সরাসরি জকিগঞ্জ–কানাইঘাটের বিভিন্ন এলাকায় প্রতীকে ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন—এমন প্রমাণ পাওয়া গেছে বলে জানান সংশ্লিষ্টরা।

Previous Post Next Post