আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে সিলেট-৫ (কানাইঘাট–জকিগঞ্জ) আসনের ১১দলিয় দুই প্রার্থীকে শোকজ নোটিস জারি করেছে নির্বাচন কমিশন। শোকজপ্রাপ্তরা হলেন—জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী আনোয়ার হোসাইন খান এবং খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আবুল হোসাইন।
অভিযোগে বলা হয়েছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে তারা নির্বাচনী এলাকায় প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করেছেন। এ বিষয়ে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না—তার লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাদের।
শোকজ নোটিসে প্রার্থীদের আগামী ১৫ জানুয়ারি স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিসে উল্লেখ করা হয়েছে।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, আচরণবিধি কার্যকর থাকাকালীন অনুমোদিত সময় ও নিয়ম ব্যতীত প্রচারণা চালানো নিষিদ্ধ। এ ধরনের অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
