ইরানের সার্বভৌম ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটি বলেছে, এ ধরনের আগ্রাসন আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, ইরানের বিরুদ্ধে এ ধরনের সামরিক পদক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চলমান হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে এবং বিশ্বশান্তির জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করবে।
নেতৃদ্বয় অবিলম্বে সব ধরনের সামরিক আগ্রাসন বন্ধের আহ্বান জানান। তারা বলেন, সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমেই যে কোনো সংকটের স্থায়ী সমাধান সম্ভব। শক্তি প্রদর্শন ও যুদ্ধ কখনো সমস্যার সমাধান নয়; বরং তা নিরীহ মানুষের জীবন ও সম্পদের অপূরণীয় ক্ষতি ডেকে আনে।
বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, বিশেষ করে জাতিসংঘ ও ওআইসি যেন দ্রুত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করে আগ্রাসন বন্ধে ভূমিকা রাখে এবং অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্রিয় পদক্ষেপ নেয়।
পরিশেষে, দলটি স্পষ্টভাবে জানায় যে অন্যায় ও আগ্রাসনের বিরুদ্ধে তাদের অবস্থান সর্বদা সুস্পষ্ট ও আপসহীন থাকবে।
বার্তা প্রেরক:
মুফতি ইমরানুল বারী সিরাজী
প্রচার সম্পাদক
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
.jpg)