সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুরশি গ্রামে চুরির ঘটনায় অতিষ্ঠ এলাকাবাসীর উত্তেজনায় দুই ব্যক্তির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার (২৪ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। এর আগে সকালে মোহাম্মদগঞ্জ বাজারে অনুষ্ঠিত ‘চোর নির্মূল কমিটির’ এক সভা থেকে উত্তেজিত জনতা লাঠিসোঁটা নিয়ে অভিযুক্তদের বাড়িতে হামলা চালায়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রামবাসী। এর আগে অভিযুক্ত কয়েকজনের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছিল, তবে তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। সর্বশেষ মঙ্গলবার রাতে উত্তর কুরশি গ্রামের এক বাড়িতে গরু চুরির সময় সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করা হয়। তার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকার অভিযোগ ওঠে।
পরদিন সকালে এ ঘটনায় করণীয় নির্ধারণে মোহাম্মদগঞ্জ বাজারে বৈঠকে বসেন স্থানীয়রা। বৈঠকে আটক সাইফুলের স্বীকারোক্তির ভিত্তিতে অভিযুক্ত হিসেবে কয়েকজনের নাম উঠে আসে। পরে উত্তেজিত জনতা দক্ষিণ কুরশি গ্রামের দুইজনের বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর করে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়—এক নারী শিশুকে কোলে নিয়ে হামলা না করার জন্য অনুরোধ করছেন। তবে উত্তেজিত জনতা তার অনুরোধ উপেক্ষা করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং একপর্যায়ে ঘরবাড়ি ভেঙে ফেলে।
এ বিষয়ে দোলারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম জানান, সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় আগেই পুলিশকে অবহিত করা হয়েছিল।
স্থানীয় জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আটক সাইফুল ইসলামকে হেফাজতে নেওয়া হয়েছে। চুরির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, “কারও বাড়িঘরে হামলা করা আইনত দণ্ডনীয়। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।”
.jpg)