পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরতে রাজধানীতে ছাত্র জমিয়ত বাংলাদেশের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ রমজান) রাজধানীর পল্টনস্থ ঢাকা ডিসিসি হলে কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাআদ বিন জাকিরের সঞ্চালনায় ‘মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব’ শীর্ষক এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, রমজান মাস বছরে একবার আমাদের মাঝে আসে আত্মশুদ্ধি ও ঈমানি চেতনা জাগ্রত করার জন্য। এই বরকতময় মাসে আল্লাহ তাআলা যে আমল ও কর্মসূচি নির্ধারণ করে দিয়েছেন, সেগুলো যথাযথভাবে মূল্যায়ন করে পালন করতে পারলে একজন মানুষ সফলতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছতে পারে।
তিনি ছাত্র জমিয়তের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কোনো ধরনের বিভ্রান্তির শিকার না হয়ে এই সময়টাকে কাজে লাগিয়ে নিজেদের গঠন ও চরিত্র নির্মাণে বিশেষ গুরুত্ব দিতে হবে। ইসলামের প্রকৃত শিক্ষা ও আদর্শকে সামনে রেখে সত্য ও ন্যায়ের পথে অটল থাকতে হবে।
তিনি আরও বলেন, ইসলাম একটি স্বচ্ছ ও পরিপূর্ণ ধর্ম। কিন্তু দুঃখজনকভাবে কিছু মানুষ ইসলামের নাম ব্যবহার করে ভোটের রাজনীতি করছে। ভোট কেনা-বেচা, মিথ্যাচার কিংবা মানুষকে বিভ্রান্ত করে জান্নাতের প্রলোভন দেখানো—এসব কাজ ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এবং সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে।
সভাপতির বক্তব্যে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী বলেন, ইসলামের নামে অপব্যাখ্যা করে বিভ্রান্তি ছড়ানো শক্তির ব্যাপারে জাতিকে সচেতন করতে হবে। অতীতে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান নেওয়া হয়েছে, ভবিষ্যতেও সে ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
তিনি বলেন, মসজিদ, মাদরাসা, খানকাহ ও দাওয়াত-তাবলিগসহ দ্বীন প্রচারের সব সেক্টরকে সুরক্ষিত রাখতে হবে এবং এসব প্রতিষ্ঠানকে কেন্দ্র করে সমাজে ইসলামের সঠিক দিকনির্দেশনা পৌঁছে দিতে হবে। নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, দ্বীন, আদর্শ ও সমাজের কল্যাণে কাজ অব্যাহত রাখতে হবে।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল আলম কাসেমী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি এখলাসুর রহমান রিয়াদ, রুহুল আমিন নগরী, গোলাম আম্বিয়া কয়েস, গাজীপুর সদর উপজেলা জমিয়তের আহ্বায়ক মাওলানা জাফর আহমদ, বিশিষ্ট লেখক ও অনুবাদক আব্দুল্লাহ আল ফারুক, বিশিষ্ট সাংবাদিক আব্দুল গাফফার, জাওয়াদ আহমাদ ও রাকিবুল ইসলাম রইস।
এছাড়া ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি নুর হোসাইন, সহ-সভাপতি কাউসার আহমাদ, সহ-সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ, সহ-সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ইনাআমুল হাসান নাইম, অর্থ সম্পাদক হোসাইন আহমদ, প্রচার সম্পাদক আহমাদ আল গাজি, দফতর সম্পাদক জুবায়ের হোসেন, ভার্সিটি বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান ত্বকি, নির্বাহী সদস্য সাঈফ বিন জামালসহ ঢাকা মহানগর ও বিভিন্ন জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
