৯ মার্চ কেন্দ্রীয় আমেলা ও জেলা দায়িত্বশীলদের যৌথ সভা আহ্বান: জমিয়তের খাস কমিটির বৈঠক

 


ঢাকা: মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে সৃষ্ট অস্থির পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে উদ্বেগ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটির নেতৃবৃন্দ বলেছেন, আমেরিকার প্ররোচনায় ইসরাঈল ইরানে হামলা চালিয়ে বিশ্ব পরিস্থিতিকে অশান্ত ও অস্থিতিশীল করে তুলেছে। অবিলম্বে ইসরাঈলের আগ্রাসন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

শুক্রবার (৬ মার্চ) রাতে ঢাকার আরজাবাদ মাদ্রাসায় অনুষ্ঠিত দলের খাস কমিটির বৈঠকে নেতৃবৃন্দ এসব কথা বলেন। বৈঠকে তারা আরও বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকট বিশ্ব শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা জরুরি।

নেতৃবৃন্দ একই সঙ্গে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান বিরোধপূর্ণ সম্পর্কের অবসান ঘটিয়ে জোরদার কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে দুই দেশের মধ্যে সৃষ্ট জটিলতা দূর করার আহ্বান জানান।

বৈঠকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ৯ মার্চ সোমবার দুপুর ১২টায় রাজধানীর পল্টনস্থ দলীয় কার্যালয়ে জরুরি ভিত্তিতে কেন্দ্রীয় আমেলা ও জেলা সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথ সভা আহ্বানের সিদ্ধান্ত গৃহীত হয়। সংশ্লিষ্ট সকলকে সভায় উপস্থিত থাকার পাশাপাশি আসন্ন স্থানীয় নির্বাচনগুলোতে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা শেখ মুজিবুর রহমান, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজিজ এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Previous Post Next Post