সিলেট হাউজিং এস্টেটে দিনে দুপুরে ব্যাগ ছিনতাই: কানাইঘাটের ডাকাত রশিদ গ্রেফতার

 


সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় প্রকাশ্যে দিনে দুপুরে এক নারীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রশিদ আহমদ ওরফে রশিদ আলী কানাইঘাট উপজেলার বিষ্ণুপুর এলাকার বাসিন্দা।

বুধবার (১১ মার্চ) ভোরে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানা পুলিশের একটি দল কানাইঘাট থানা পুলিশের সহযোগিতায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় নিয়ে আসা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত রশিদ আলী একটি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। হাউজিং এস্টেট এলাকায় সিএনজি অটোরিকশা থামিয়ে ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সিসিটিভি ফুটেজে তাকে শনাক্ত করা হয়। ফুটেজে দেখা যায়, সিএনজি অটোরিকশা থামিয়ে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় রশিদ আলী সরাসরি জড়িত ছিলেন।

ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে। হাউজিং এস্টেট এলাকায় সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে তিনটি মোটরসাইকেলে করে আসা ছয়জন ছিনতাইকারী যাত্রী ইয়াসমিন আক্তারের কাছ থেকে একটি ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, হাউজিং এস্টেটের ভেতরের সড়ক দিয়ে একটি সিএনজি অটোরিকশা যাওয়ার সময় তিনটি মোটরসাইকেলে করে ছয়জন ব্যক্তি এসে অটোরিকশার গতিরোধ করে। পরে একজন মোটরসাইকেল থেকে নেমে অটোরিকশার ভেতরে থাকা ব্যাগ ধরে টানাটানি শুরু করে। কিছুক্ষণ ধস্তাধস্তির পর ব্যাগটি নিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যায় তারা। এ সময় অটোরিকশা থেকে নেমে এক নারীকে চিৎকার করতে দেখা যায়।

এ ঘটনায় ভুক্তভোগী কর পরিদর্শক ইয়াসমিন আক্তার বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি সূত্রে জানা যায়, তিনি অফিস থেকে সিএনজি অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। এ সময় ছিনতাইকারীরা সিএনজি অটোরিকশা থামিয়ে পিস্তল ঠেকিয়ে তার ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে থাকা ১৫ থেকে ২০ হাজার টাকা, স্বাক্ষর করা চেক বইয়ের কয়েকটি পাতা নিয়ে যায় তারা। তবে আইফোন ও এটিএম কার্ড একটি রেস্টুরেন্টের সামনে ফেলে রেখে যায় ছিনতাইকারীরা।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Previous Post Next Post