এগারো দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে “গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ” শীর্ষক এক জাতীয় সেমিনার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল ২০২৬) অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি এবং বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি।
সভাপতির বক্তব্যে মাওলানা মামুনুল হক বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, সরকার জনগণের অধিকারকে খর্ব করছে এবং গণতান্ত্রিক মূল্যবোধকে উপেক্ষা করছে। তিনি অভিযোগ করেন, জনগণের মতামতকে গুরুত্ব না দিয়ে উন্নয়নের নামে একধরনের ভিন্নধর্মী গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে।
তিনি আরও বলেন, জনগণকে ছোট করে দেখা বা অপমান করার প্রবণতা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। সরকারের প্রতি জনগণের শক্তিকে সম্মান করার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণভোটের রায় উপেক্ষা করার নজির দেশে-বিদেশে নেই এবং এমন পদক্ষেপ গ্রহণ করলে তা দেশের জন্য ক্ষতিকর হবে।
বক্তব্যে তিনি রাজনৈতিক দলগুলোকেও সতর্ক করে দিয়ে বলেন, জনগণকে সম্মান করতে হবে এবং তাদের মতামতকে প্রাধান্য দিতে হবে। অন্যথায় জনগণই এর জবাব দেবে।
সভাপতির বক্তব্যের শেষাংশে তিনি আগামী ২৪ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত সমাবেশ সফল করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংগঠনটির প্রেস সচিব আশরাফুল ইসলাম সাদ।
