প্রবীণ আলেম ও বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারী আনুষ্ঠানিকভাবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে যোগদান করেছেন। তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার নিকট সদস্য ফরম পূরণ করে জমিয়তের সদস্যপদ গ্রহণ করেন।
সোমবার (১৮ মে ২০২৬) সকাল ৮টায় সাভারের জামিয়া দারুল আমান মিলনায়তনে অনুষ্ঠিত “দারুল উলুম দেওবন্দের ইতিহাস, ঐতিহ্য ও অবদান এবং আকাবিরে দেওবন্দের চিন্তাভাবনা” শীর্ষক দেওবন্দ কনফারেন্সে এ যোগদান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারীর মতো অভিজ্ঞ ও প্রবীণ আলেমের জমিয়তে যোগদান সংগঠনের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে এবং দ্বীনি অঙ্গনে নতুন গতি সঞ্চার করবে।
উল্লেখ্য, মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারী হেফাজতে ইসলাম বাংলাদেশ সাভার উপজেলার সাবেক সভাপতি, ইত্তেহাদুল ওলামা সাভার উপজেলার সাবেক সভাপতি, জামিয়া আরাবিয়া রাজাসন দারুল উলুম মাদ্রাসার শাইখুল হাদিস ও মুহতামিম এবং খেলাফত মজলিস সাভার উপজেলার সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এসময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, ঢাকা জেলা উত্তর জমিয়তের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান নবাবগঞ্জী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান বিন নূরী, ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি মারজানুল বারী সিরাজী, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি কাউসার আহমাদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
.png)