ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে চাঞ্চল্যকর ও মর্মান্তিক এক ঘটনা ঘটেছে। বাসা ভাড়ার বকেয়া পরিশোধ করতে না পেরে নিজের স্ত্রী ও অপ্রাপ্তবয়স্ক মেয়েকে ধর্ষণের জন্য বাড়িওয়ালার হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি ও বাড়িওয়ালাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গুজরাটের সুরেন্দ্রনগর এলাকার বাসিন্দা ওই পরিবারটি জীবিকার সন্ধানে প্রায় ছয় মাস আগে মোরবি এলাকায় আসে। সেখানে তারা মাসিক ২ হাজার রুপি ভাড়ায় একটি বাসায় বসবাস শুরু করে। তবে দীর্ঘদিনের আর্থিক সংকটের কারণে গত চার মাস ধরে তাদের বাসা ভাড়া বকেয়া পড়ে যায়।
অভিযোগে বলা হয়, বকেয়া ভাড়া পরিশোধের বিনিময়ে ওই ব্যক্তি তার স্ত্রী ও অপ্রাপ্তবয়স্ক মেয়েকে যৌন নির্যাতনের সুযোগ দিতে বাড়িওয়ালার সঙ্গে অনৈতিক ও জঘন্য সমঝোতা করেন।
ভুক্তভোগী নারীর মা বিষয়টি জানতে পেরে মোরবি থানায় অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে।
পুলিশ আরও জানায়, ঘটনাটিতে শিশু সুরক্ষা আইন (পোকসো)সহ একাধিক কঠোর ধারায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
